Sunday, February 19, 2017

করনের সিনেমাতেই সাইফ কন্যার অভিষেক

করন জোহর ও সারা আলী খান
অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। বলিউডে অভিষেক হচ্ছে, এমন খবরে গত কয়েক মাস ধরেই আলোচনায় সারা।

তবে শেষ পর্যন্ত করন জোহরের ধর্ম প্রোডাকশনের মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন সারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাইফ।

বর্তমানে রেঙ্গুন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাইফ। এর ধারাবাহিকতায় একটি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। তখন সারা বলিউডে অভিষেক নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

এ প্রসঙ্গে সাইফ আলী খান বলেন, ‘সারার মন যা চায় সে তাই করবে। তাতেই আমি খুশি। প্রত্যেকবারই  সে কিছু করার আগে আমার সঙ্গে কথা বলে এবং আমি তাকে সেই বিষয়ে পরামর্শ দিই। কিন্তু প্রকৃতপক্ষে তারই সিদ্ধান্ত থাকে।’

করন জোহরের সিনেমার মাধ্যমেই সারার অভিষেক হচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় হচ্ছে। করন জোহরের মাধ্যমে তার অভিষেক হচ্ছে বিষয়টিতে আমি খুবই খুশি। নতুনদের সঙ্গে করনের বোঝাপড়াটা খুবই ভালো এবং তার মাধ্যমে সারার অভিষেক ভালোই হবে।’

এর আগে গুঞ্জন উঠেছিল, করন জোহর প্রযোজিত ও করন মালহোত্রা পরিচালিত সিনেমার মাধ্যমে সারার অভিষেক হবে। আর সিনেমার নায়ক হিসেবে থাকবেন হৃতিক। কিন্তু পরবর্তীতে শোনা যায়, সিনেমাটিতে নেই সারা।

এরপর গুঞ্জন ওঠে, স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় দিশা পাটানির পরিবর্তে নায়িকা হিসেবে নেয়া হয়েছে সারাকে। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকবেন টাইগার শ্রফ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

0 comments:

Post a Comment

Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates