Featured
Showing posts with label হলিউড. Show all posts
Showing posts with label হলিউড. Show all posts

Saturday, May 20, 2017

মা হলেন লিসা হেইডন



মিডিয়া স্টারস: মা  হলেন হাউসফুল-থ্রি সিনেমা খ্যাত অভিনেত্রী লিসা হেইডন। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী।

ছেলেকে কোলে নিয়ে স্বামীর পাশে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিসা জানান, গত ১৭ মে তার সন্তানের জন্ম হয়েছে। এ অভিনেত্রী ছেলের নাম রেখেছেন জ্যাক লালভানি।

গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো লালভানি পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে গত ১২ জানুয়ারি ইনস্টাগ্রামে বিকিনি পরে বেবি বাম্পসহ একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি ভক্তদের জানিয়েছিলেন লিসা।


মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/নূর

প্রিয়াঙ্কার প্রশংসায় ক্যারোলিন





মিডিয়া স্টারস: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করলেন আমেরিকান প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে প্রশংসা করেন তিনি।


সাক্ষাতকারে প্রিয়াঙ্কা সম্পর্কে জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমেরিকার মানুষ প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছেন। সে অনেক ভালো।’

৮৯তম অস্কার আসরে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার পেয়েছে ওজে: মেড ইন আমেরিকা । ওজে সিম্পসনের জীবন নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রের প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো।

এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজে অভিনয় করে হলিউডে পরিচিতি পান প্রিয়াঙ্কা।

কোয়ান্টিকো টিভি সিরিজে প্রথম ও দ্বিতীয় সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েন তিনি। কোয়ান্টিকো এর তৃতীয় সিরিজেও কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

বর্তমানে বেওয়াচ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে এই অভিনেত্রীর। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

এ ছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।




মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/আরএন রুনা

Wednesday, April 12, 2017

অন্য নারীর জন্য কিমকে ছাড়ছেন স্বামী!




মহব্বতে
 সিনেমা খ্যাত বলিউড অভিনেত্রী কিম শর্মা। প্রেম, বিয়েসহ বিভিন্ন কারণে অতীতে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কিম শর্মার।

২০১০ সালে কেনিয়ান ব্যবসায়ী টাইকুন আলী পাঞ্জানির সঙ্গে কিমের বিয়ে হয়। এরপর গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে অবস্থান করছেন কিম শর্মা। এখন গুঞ্জন উঠেছে, বিয়ের সাত বছর পর অন্য এক নারীর জন্য কিম-আলীর ঘর ভাঙছে।

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন কিম। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা সম্পূর্ণ বাজে কথা। আমি এ সকল বাজে বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

আলীকে বিয়ের আগে ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে কিম শর্মার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর ২০১০ সালে কেনিয়ার মোম্বাসায় আলীকে বিয়ে করেন এ অভিনেত্রী। মহব্বতে ছাড়াও তুমসে আচ্ছা কৌন হ্যায়, ফিদা সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Tuesday, March 21, 2017

একা থাকা খুব কঠিন : স্কারলেট


অভিনেত্রী স্কারলেট জোহানসন জানিয়েছেন, একা থাকা তার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এর পূর্বে সে কখনই একা থাকেননি।

সম্প্রতি তার দ্বিতীয় স্বামী রোমেইন ডাউরিকের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। আর এজন্য বর্তমানে একা থাকতে হচ্ছে ৩২ বছর বয়সি এই হলিউড তারকাকে। যা তার জন্য যথেষ্ট কষ্টের।

ইভেন্ট ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সম্পর্ক সব সময় একজন মানুষের জীবনকে প্রভাবিত করে।’

তিনি আরো বলেন, ‘আমি এখন উপলব্ধি করতে পারছি যে, বিগত কয়েক বছর আমি কখনই আসলে একা ছিলাম না, সবসময় কেউ না কেউ আমার সঙ্গে ছিল। আর ঠিক এ কারণেই আমাকে এখন প্রতিনিয়ত শিখতে হচ্ছে কিভাবে শুধু নিজেকে নিয়ে একা থাকতে হয়। এটা খুবই চ্যালেঞ্জিং। তবে এর মানে এই নয় যে, আমি এর আগে কখনই একা থাকিনি । কিন্তু এতদিনে আমি এটা উপলব্ধি করলাম যে, তখনও আমার জন্য অন্য কোথাও একজন ছিল।’

‘দ্য গোস্ট ইন দ্য শেল’ চলচ্চিত্রের এই অভিনেত্রী জানান, ঠিক এ কারণেই তিনি প্রায়ই সম্পর্কে জড়াতেন কারণ তিনি কখনই একা থাকতে চাইতেন না।

এ অভিনেত্রীর রোজ নামের দুই বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

Friday, March 10, 2017

শুটিং স্পট এখন বাস্তবের শহর



হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে রয় রজার্স, ডিক কার্টিস এবং রাসেল হাইডেন অন্যতম। ১৯৪০ এর দশকে তারা চলচ্চিত্র প্রেমীদের অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। এসব চলচ্চিত্র নির্মাণে তারা শুটিংয়ের নেশায় দূর-বহুদূর ছুটে বেরিয়েছেন। এভাবে এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি করতে গিয়ে এক ধরনের ক্লান্তি অনুভব করেন তারা। তাই ১৯৪৬ সালে তারা একটি শুটিং স্পট তৈরির সিদ্ধান্ত নেন। সিন্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুঅঞ্চলে গড়ে তোলেন একটি শুটিং স্পট, যার নাম দেন ‘ওয়াইল্ড ওয়েস্ট সেট’। এখানে চলচ্চিত্র নির্মাণের সব ধরনের ব্যবস্থা ছিল। এছাড়া ছিল নানা ধরনের স্থায়ী এবং অস্থায়ী স্থাপনা। পাশাপাশি নির্মাতা ও অভিনয় শিল্পীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও ছিল।


যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের ইউকা ভ্যালি থেকে চার মাইল দূরে এবং লস অ্যাঞ্জেলেস থেকে মাত্র দুই ঘণ্টার রাস্তা এই ‘ওয়াইল্ড ওয়েস্ট সেট’। ধীরে ধীরে এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পরবর্তীতে তা বাস্তবের শহরে রূপ নেয়, যার নাম দেওয়া হয় পাইওনিয়ার টাউন।

‘দ্য সিসকো কিড’, ‘জাজ রয় বীন’ এবং ‘দ্য জেনি অট্রি শো’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং এই পাইওনিয়ার টাউনেই হয়েছে।




যুগের সাথে তাল মিলিয়ে যখন হলিউডের চলচ্চিত্রের ধরন, কাহিনী ও ব্যবসায়িক পদ্ধতিতে পরিবর্তন আসে, তখন নির্মাতারা এই শুটিং স্পট ছেড়ে নানা দিকে ছড়িয়ে পড়েন। আর পাইওনিয়ার টাউন পরিণত হয় একটি জনপ্রিয় পর্যটন শিল্পে। আর এই জনিপ্রয়তাই ধীরে ধীরে এটিকে বাস্তবের শহরে পরিণত করে।

Thursday, March 9, 2017

আর্নল্ড শোয়ার্জেনেগারের প্রেমে ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও আর্নল্ড শোয়ার্জেনেগার


জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান এ অভিনেতা।

‘অ্যাপ্রেন্টাইস’ শিরোনামের একটি শো উপস্থাপন করতেন আর্নল্ড শোয়ার্জেনেগার। গত সপ্তাহে তিনি শোটি আর না করার সিদ্ধান্ত নেন। এরপর এক টুইটে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আর্নল্ড শোয়ার্জেনেগার স্বেচ্ছ্বায় ‘অ্যাপ্রেন্টাইস’ ছাড়েননি, খারাপ রেটিংয়ের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, তবে আমার দ্বারা নয়। দুঃখের বিষয় শোটি শেষ হয়ে গেল।’

এই টুইটের পরিপ্রেক্ষিতেই ‘দ্য মাইকেল স্মেরকোনিশ’ শোয়ের সঞ্চালক শোয়ার্জেনেগারকে প্রশ্ন করেন, ট্রাম্প তার প্রতি এতটা আসক্ত কেন?

জবাবে ‘টার্মিনেটর’ সিনেমা খ্যাত এই অভিনেতা মজা করে বলেন, ‘মনে হয় তিনি (ট্রাম্প) আমার প্রেমে পড়েছেন।’ এ অভিনেতা হাসতে হাসতে বলেন, ‘সত্যিই আমার এমনটা মনে হয়।’

ক্যালিফোর্নিয়ার সাবেক রিপাবলিকান গভর্নরকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে অনুরোধ করা হয়। কিন্তু তিনি এ সম্পর্কে কোনো কথা বলেননি। এ ছাড়া শোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শোয়ার্জেনেগার।

হ্যাঙ্কস-স্ট্রিপের প্রথম

মেরিল স্ট্রিপ ও টম হ্যাঙ্কস

হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও অভিনেত্রী মেরিল স্ট্রিপ। প্রথমবারের মতো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন জনপ্রিয় এ দুই তারকা অভিনয় শিল্পী।

হিস্ট্রি-ড্রামা ঘরানার এ সিনেমাটির নাম দ্য পোস্ট। সিনেমাটি পরিচালনা করবেন আরেক খ্যাতনামা নির্মাতা স্টিভেন স্পিলবার্গ।

১৯৭১ সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকার পেন্টাগন পেপার কভারেজের ঘটনাকে কেন্দ্র করে সিনেমার গল্প তৈরি। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেগুলো প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ঘটনাটি সে সময় বেশ আলোচিত হয়েছিল। সিনেমায় পত্রিকার সম্পাদক বেন ব্র্যাডলির ভূমিকায় অভিনয় করবেন দুইবার অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। আর প্রকাশক ক্যাথরিন গ্রাহামের ভূমিকায় থাকবেন তিনবার অস্কার জয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ। 

এর আগে স্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান, ক্যাচ মি ইফ ইউ ক্যান, দ্য টার্মিনাল এবং ব্রিজ অব স্পাইস সিনেমায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। অন্যদিকে এ নির্মাতারা কোনো সিনেমায় অভিনয় না করলেও এ.আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন মেরিল স্ট্রিপ।

Saturday, March 4, 2017

ফন্ডার সাহসী বক্তব্য


মার্কিন অভিনেত্রী জেন ফন্ডা জানিয়েছেন, কিশোরী অবস্থায় ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে দুবার অস্কারবিজয়ী ফন্ডা বলেন, ‘আমি ধর্ষণের শিকার হয়েছি, ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হয়েছি এবং বসের সঙ্গে বিছানায় যেতে চাইনি বলে চাকরি থেকে বরখাস্তও হয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমি সব সময় মনে করতাম এটা আমার দোষ। হয়তো আমি কিছু ভুল করেছি অথবা বলেছি।’

‘রুম’ সিনেমার জন্য অস্কার জিতেছেন অভিনেত্রী ব্রী লারসন। এ সিনেমার গল্প ছিল একজন নারীকে ঘিরে যাকে একজন পুরুষ বছরের পর বছর আটকে রেখে যৌন নিপীড়ন করে। ব্রী লারসনের সঙ্গে  কথোপকথনের সময় জীবনের ভয়াবহ কিছু অভিজ্ঞতার কথা জানান ফন্ডা।

৭৯ বছর বয়সি ফন্ডা অনেকদিন ধরেই সমাজকর্মী হিসেবে কাজ করছেন। ২০০১ সালে তিনি কিশোর অবস্থায় গর্ভধারণ রোধ করতে ‘সেন্টার ফর অ্যাডলসেন্ট রিপ্রোডাকটিভ হেলথ’ নামের একটি ফাউন্ডেশন গঠন করেন। এছাড়া তিনি গ্লোবাল ভি-ডে আন্দোলনের সঙ্গেও জড়িত যা নারীদের উপর সহিংসতা রোধে কাজ করে।

ফন্ডা বলেন, ‘আমি জানি, যেসব যুবতী ধর্ষণের শিকার হয়, মাঝে মধ্যে বুঝতেও পারে না তারা ধর্ষিত হয়েছে। তারা মনে করে, তাদের না বলার ধরণটা ঠিক ছিল না। নারী আন্দোলনের সবচেয়ে বড় দিক হলো এটি বুঝতে শিখিয়েছে ধর্ষণ এবং যৌন নিপীড়ন আমাদের সমস্যা নয়। আমরা সহিংসতার শিকার হচ্ছি এবং তা উচিৎ নয়।’

তবে যৌন নিপীড়ন নিয়ে ফন্ডার এমন সাহসী বক্তব্য প্রথম নয়। এর আগে ২০১৪ সালে এ অভিনেত্রী জানিয়েছিলেন, তার মা ফ্রান্সেস ফর্ড সেমৌর ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন এবং ৪২ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন। সে সময় এ অভিনেত্রীর বয়স ছিল ১২ বছর।

Sunday, February 26, 2017

৮৯তম অস্কারের টুকিটাকি


ফিরে এসেছে বিশ্ব চলচ্চিত্রের তারকাদের আনন্দের ভেলায় ভাসার সময়। কারণ  ২৬ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) বসছে আলো ঝলমলে বিনোদন দুনিয়ায় তারকাদের কাজের সবচেয়ে বড় স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মূল আসর। তাই বিনোদন জগতের তারকা থেকে শুরু করে তাদের ভক্তকূল; সবার দৃষ্টি অস্কার আসরের দিকে।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আয়োজন ‘অস্কার’র ৮৯তম আসর। আসন্ন এ মহোৎসবকে সামনে রেখে এবারের অস্কারের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে সাজানো এ প্রতিবেদন।

উপস্থাপক :
অস্কারের ৮৯তম আসর উপস্থাপনা করবেন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি কিমেল। এবারই প্রথম অস্কারের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হবেন তিনি। অস্কার মঞ্চে প্রথমবার হাজির হলেও জিমি কিমেলের ঝুলিতে রয়েছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও চলতি বছরের অ্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা। গত বছর ৮৮তম অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন কমেডিয়ান ক্রিস রক, অ্যালেন ডিজেনারেস এবং নীল প্যাট্রিক হ্যারিস।  কিন্ত গত কয়েক বছরের অস্কারের ইতিহাসে সর্বনিম্ন টিভি রেটিং পায় এ আয়োজন। ফলে অস্কার কমিটি এবার এই গুরু দায়িত্ব দিয়েছেন জিমি কিমেলকে।

অস্কারের দৌড়ে এগিয়ে থাকা সিনেমাগুলো:
এবারের ৮৯তম অস্কারে ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি যা জেমস ক্যামেরনের ১৪ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ছুঁয়ে দিয়েছে। দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে কল্প-বিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যারাইভাল’ ও ‘মুনলাইট’। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে হ্যাকস রিজ, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি। আর চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ফেন্সেস’ ও ‘হেল অর হাই’।

অস্কারের দৌড়ে এগিয়ে থাকা তারকারা :
মনোনয়নের পর থেকে পুরস্কার বিতরণের আগ পর্যন্ত কারা কারা পেতে পারেন পুরস্কার তা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। আসুন এক নজরে চোখ বুলিয়ে নেই কাদের হাতে উঠতে পারে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে  সম্মানিত এই পুরস্কার।

মনোনীত হওয়াদের মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে রয়েছেন রায়ান গসলিং (লা লা ল্যান্ড), কেসেই অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকস রিজ), ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যানটাসটিক), ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)।

শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে রয়েছেন এমা স্টোন (লা লা ল্যান্ড), ইসাবেল হুপার্ট (এলে), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)।

শ্রেষ্ঠ সহ-অভিনেতা হিসেবে মাহেরশালা আলি (মুনলাইট), দেব প্যাটেল (লায়ন), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমালস)।

শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি), ভিয়োলা ডেভিস (ফেন্সেস), নিকোল কিডম্যান (লায়ন), নাওমি হ্যারিস (মুনলাইট), অক্টেভিয়া স্পেনসার (হিডেন ফিগারস)।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যারা :
অস্কারের দীর্ঘদিনের প্রথা অনুসারে বিগত আসরের পুরস্কার বিজয়ী তারকারাই চলতি আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সুতরাং ৮৮তম আসরের বিজয়ী তারকা  লিওনার্দো দ্য ক্যাপ্রিও,  ব্রি লারসন, আলিসা ভিকানদার এবং মার্ক রেলান্স থাকবেন এবারের আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য। এছাড়া এবারো অস্কার মঞ্চে আলো ছড়াবেন হ্যালি বেরি, ক্রিস ইভান্স, শার্লে ম্যাক্লেইনের মতো তারকারা।

অস্কার মঞ্চ মাতাবেন যারা :
৮৯তম অস্কার মঞ্চ মাতাবেন বিশ্ব সংগীতের এক ঝাঁক নক্ষত্র। লিন-ম্যানুয়েল মিরান্ডা, জন লেজেন্ড, স্টিং ও জাস্টিন টিম্বারলেকের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াবেন অস্কার মঞ্চ। এবারের আসরে মনোনয়ন পাওয়া পাঁচটি গান গাইবেন তারা। জন লেজেন্ড গাইবেন ‘লা লা ল্যান্ড’ সিনেমাতে গাওয়া ‘স্টার্ট এ ফায়ার’।  ‘মোয়ানা’ সিনেমার ‘হাউ ফার আই উইল গো’ গাইবেন মিরান্ডা। জাস্টিন গাইবেন ‘ট্রল’ সিনেমার ‘কান্ট স্টপ দ্য ফিলিং’। আর স্টিং গাইবেন ‘জিম : দ্য জেমস ফোলি স্টোরি’ সিনেমার ‘দ্য এম্পটি চেয়ার’ গানটি।

গত আসর থেকে এবারের আসরের লক্ষণীয় পার্থক্য :
অস্কার পুরস্কারকে অনেকেই বলেন শ্বেতাঙ্গ তারকাদের মঞ্চ। তবে এ বছর অস্কার কমিটি আন্তরিকভাবে চাইছে এই বিতর্কের দাগ মুছে ফেলতে। ফলে ৮৮তম আসরে যেখানে সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনই ছিলেন শ্বেতাঙ্গ এবার সেখানে সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনের ৭ জন কৃষ্ণাঙ্গ। এর মধ্য দিয়ে হলিউডে শ্বেতকায়দের আধিপত্য কমার ইঙ্গিত দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা। তবে বিশ্ব চলচ্চিত্রে অনেক তারকাই মনে করেন অস্কারের কোটায় কৃষ্ণাঙ্গ, এশীয়, ল্যাটিন ও জাতিগতভাবে সংখ্যালঘুদের আরো বেশি যুক্ত করা প্রয়োজন।

ভেঙ্গে যেতে পারে যে সব রেকর্ড :
প্রতি বছর অস্কারের ঘোষণা যেমন নতুন কিছু রেকর্ডের জন্ম দেয় তেমনি ভেঙ্গে দেয় পুরাতন অনেক রেকর্ড। বেরি জেনকিন্স যদি সেরা পরিচালক ক্যাটাগরিতে এবার পুরস্কার জেতেন তাহলে তিনিই হবেন সেরা পরিচালক হিসেবে অস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ তারকা। সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে এভা ডুভরনে যদি পুরস্কার জেতেন তাহলে তিনিই হবেন সেরা ডকুমেন্টারি পরিচালক হিসেবে অস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ তারকা।

ফেনসেস তারকা  ডেনজেল ওয়াশিংটন এবারের আসরে পুরস্কার জিতলে তিনিই হবেন সর্বাধিক  অস্কার জেতা কৃষ্ণাঙ্গ তারকা। ‘অস্কার রানি’ খ্যাত মেরিল স্ট্রিপ হয়তো এবারই ছুঁয়ে ফেলতে পারেন ক্যাথরিন হেপবার্নের সর্বাধিক ৪বার অস্কার জেতার রেকর্ড। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ তারকা লুকাস যদি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা বিভাগে অস্কার জেতেন তাহলে তিনি ভেঙ্গে দিবেন ১৯৮১ সালে টিমোথি হাটনের সর্বকনিষ্ঠ অস্কার জেতার রেকর্ড।

Friday, February 24, 2017

এবারের অস্কারে যত রেকর্ড


বিশ্ব চলচ্চিত্র নিয়ে যাদের আগ্রহ অতি সামান্য সেই সকল মানুষও আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন অস্কার আসরের দিকে।

আগামী ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর। ইতিমধ্যে প্রতিযোগিতার দৌড়ে মনোনয়ন পাওয়া সিনেমাগুলো আর তার কলা-কুশলীদের নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি। পুরস্কার বিতরণীর আগ পর্যন্ত এ তালিকা নিয়ে হতে থাকবে নানান বিশ্লেষণ। কারণ প্রতি বছর অস্কারের ঘোষণা যেমন নতুন কিছু রেকর্ডের জন্ম দেয় তেমনি ভেঙে দেয় পুরাতন অনেক রেকর্ড।

আসুন দেখে নেই ৮৯তম অস্কারের যত রেকর্ড।

১. মনোনয়ন পর্বে সম্পাদনা, চিত্রগ্রহণ, পোশাক, শিল্প নির্দেশনা, শব্দসহ ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি, যা জেমস ক্যামেরনের পরিচালনায় ১২ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ভেঙে দিয়েছে।

২. তাকে বলা হয় মেরিল ‘রেকর্ড’ স্ট্রিপ! কারণ ৮৯তম অস্কারে ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’র জন্য মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপ এবারে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন। তিন বার অস্কার জেতা এ অভিনেত্রী অস্কারে মনোনয়ন পেয়েছেন এ পর্যন্ত ২০ বার!

৩. এবারই সর্বাধিক সংখ্যক সদস্য সিনেমা ও কলা-কুশলী মনোনয়নে ভোট দিয়েছেন। কারণ ৮৮তম অস্কার মনোনয়নে যেখানে ভোট দিয়েছিলেন ৬ হাজার অ্যাকাডেমির সদস্য, এবার সেখানে ৮৯তম আসরে ভোট দিয়েছেন ৬ হাজার ৬৬৭ জন।

৪. অভিনয় শিল্পী ও পরিচালক মিলিয়ে ৮৯তম অস্কারে সর্বাধিক ৭ জন কৃষ্ণাঙ্গ মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে হলিউডে শেতাঙ্গদের আধিপত্য কমার ইঙ্গিত দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা।

৫. নতুন মুখের মনোনয়ন পাওয়ার দিক দিয়েও রেকর্ড গড়েছে এবারের অস্কার। সর্বাধিক ৭ জন নবাগত ৮৯তম আসরে মনোনয়ন পেয়েছেন।

৬. বিশ্বখ্যাত পরিচালক মেল গিবসন তার ‘হ্যাকস রিজ’ সিনেমার জন্য এবারের আসরে শ্রেষ্ঠ সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে খ্যাতিমান এই পরিচালক দীর্ঘ ২১ বছর পর অস্কারে মনোনয়ন পেলেন। তিনি সর্বশেষ ১৯৯৬ সালে ‘ব্রেভহার্ট’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন।

৭. চিত্রনাট্য বিভাগে এবারই সর্বপ্রথম কেউ মরণোত্তর মনোনয়ন পেলেন। ‘ফেন্সেস’ সিনেমার চিত্রনাট্যের জন্য অগাস্ট উইলসন (১৯৪৫-২০০৫) মনোনয়ন পেয়েছেন।

৮. রেকর্ড সংখ্যক ৩৩৬টি সিনেমা এবারের আসরে প্রাথমিক মনোনয়ন পেয়েছিল। অস্কারের ৮৮তম আসরে এই সংখ্যা ছিল ৩০৫টি।

৯. দীর্ঘ ২৩ বছর পর অস্কারে এবারের আসরে কোনো অ্যানিমেটেড সিনেমা ‘ভিজ্যুয়াল ইফেক্ট’ বিভাগে মনোনয়ন পেল। এর আগে সর্বশেষ ১৯৯৪ সালে ‘নাইট মেয়ার বিফোর ক্রিসমাস’ এই বিভাগে মনোনয়ন পেয়েছিল।

১০. ডেনজেল ওয়াশিংটনসহ শ্রেষ্ঠ মুখ্য ও পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পাওয়া রেকর্ড সংখ্যক ৭ জন অভিনেতার সিনেমা এবার একই সঙ্গে শ্রেষ্ঠ সিনেমা বিভাগে লড়ছে।

Thursday, February 23, 2017

সন্তানদের নিয়ে পোকামাকড় খেলেন জোলি (ভিডিও)




হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার পরিচালনায় ফার্স্ট দে কিলড মাই ফাদার সিনেমার প্রচারণার জন্য কম্বোডিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানেই সন্তানদের নিয়ে পোকামাকড়ের তৈরি স্থানীয় একটি খাবার খেয়েছেন এ অভিনেত্রী।তাদের খাবারের তালিকায় ছিল-বিচ্ছু, মাকড়শা এবং ঝিঁঝিঁ পোকা।

বিবিসি নিউজ এর একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, তার যমজ দুই সন্তান নক্স ও ভিভিয়েনকে জোলি দেখাচ্ছেন, কী করে মাকড়শা খাওয়ার আগে সেগুলোকে তৈরি করতে হবে। তার দুই সন্তান বিষয়টি ভালোভাবেই আয়ত্ব করতে পেরেছেন। এমনকি ভিভিয়েনকে পরবর্তীতে রান্নার কাজে তার মাকে সাহায্য করতেও দেখা যায়।

তবে জোলি এবারই যে প্রথম পোকামাকড় খেয়েছেন তা কিন্তু না। এ প্রসঙ্গে জোলি বলেন, ‘এই দেশে (কম্বোডিয়া) যেবার প্রথম এসেছিলাম তখন প্রথমবার আমি পোকামাকড় খেয়েছিলাম। প্রথমে আপনাকে ঝিঁঝিঁ পোকা দিয়ে শুরু করতে হবে। ঝিঁঝিঁ পোকার সঙ্গে বিয়ার, এরপর আপনাকে মাকড়শাতে যেতে হবে।’

জোলির সন্তানরা অবশ্য এরই মধ্যে এ ব্যাপারে অনেক দূর এগিয়েছে। জোলি তার ১০ বছর বয়সি মেয়ে শিলোহকে মাকড়শা খাওয়ার কথা বললে কোনো দ্বিধা ছাড়ায় সদ্য রান্না করা মাকড়শা খেতে শুরু করে সে। জোলি জানান, বিচ্ছু চিবানো একটু কঠিন। খাবারের স্বাদ সম্পর্কে নক্স বলেন, ‘শুকনা, স্বাদ স্বাদহীন চিপসের মতো’

Monday, February 20, 2017

বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন জোলি


বলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। গত বছর ব্র্যাডের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি। তবে এ অভিনেত্রী জানিয়েছেন, তারা সবসময় একটি পরিবারের মতোই থাকবেন। 

গত সেপ্টেম্বরে ডিভোর্সের আবেদনপত্র জমা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি।

‘আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না, শুধু বলব এটি খুবই কঠিন সময় ছিল। আমরা একটি পরিবার আছি এবং থাকব। আশা করছি, এই কঠিন সময় পার করে আমরা আরো মজবুত পরিবার গড়তে সক্ষম হব।’ বিবিসি ওয়ার্ল্ড নিউজকে বলেন অ্যাঞ্জেলিনা জোলি।  

বর্তমানে তার নতুন সিনেমা ‘ফার্স্ট দে কিল মাই ফাদার’ সিনেমার প্রচারণার জন্য কম্বডিয়ায় অবস্থান করছেন এ অভিনেত্রী। এই সিনেমাটি ঘিরে তার অনেক আবেগ জড়িয়ে রয়েছে। কারণ ২০০২ সালে তিনি তার প্রথম সন্তান ম্যাডক্সকে কম্বোডিয়ার একটি অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন।

‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির ছয় সন্তান- ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স (৮), ভিভিয়েন (৮)। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি। জোলি জানিয়েছেন, সন্তানদের প্রতিই এখন তার সকল মনোযোগ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক মানুষেরই এমন পরিস্থিতিতে পড়তে হয়। পরিবারই আমার কাছে সবকিছু। আমরা সবাই একটি কঠিন সময় পার করছি। আমার সকল মনোযোগ আমার সন্তানের প্রতি, আমাদের সন্তানের প্রতি। এবং আমার মনোযোগ এই পরিস্থিতি থেকে পরিত্রানের পথ বের করা।’

তিনি আরো বলেন, ‘আমরা পরিবার আছি এবং থাকব। আমি চেষ্টা করছি, একটি পথ বের করতে যাতে আরো মজবুত একটি পরিবার গড়তে পারি। এবং আমাদের বন্ধন আরো দৃঢ় হয়।’
Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates