Featured
Showing posts with label বলিউড. Show all posts
Showing posts with label বলিউড. Show all posts

Saturday, May 20, 2017

রূপকথার রাজকন্যা ঐশ্বরিয়া



মিডিয়া স্টারস: চলছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা প্রান্ত থেকে তারকারা হাজির হচ্ছেন অন্যতম সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবে। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন গতকাল (১৯ মে) এবারের আসরের লাল গালিচায় প্রথম পা রাখেন। মাইকেল সিনকোর ডিজাইনে তৈরি হালকা নীল রঙের গাউনে তাকে ডিজনির রূপকথার রাজকন্যাদের চেয়ে কোনো অংশে কম লাগছিল না।

ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার ছবি পোস্ট করে মাইকেল সিনকো ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে রূপকথার রাজকন্যার মতো লাগছে।’

১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী এ অভিনেত্রী ওকজা সিনেমার প্রদর্শনীর পূর্বে লাল লাগিচায় হাঁটেন। এটি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার ১৬তম উপস্থিতি। বিখ্যাত প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি এ উৎসবে হাজির হয়েছেন।

এ বছর কান চলচ্চিত্র উৎসবটি আরো একটি কারণে ঐশ্বরিয়ার জন্য বিশেষ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এ অভিনেত্রীর দেবদাস সিনেমাটি উপস্থাপন করবেন তিনি। সিনেমাটি যে বছর মুক্তি পেয়েছিল ওই বছর সিনেমায় তার সহ-অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রচারণা করেছিলেন এ অভিনেত্রী।

কান উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে তার পাঁচ বছর বয়সি মেয়ে আরাধ্য বচ্চনও এসেছেন। গত বুধবার মেয়েকে নিয়ে মুম্বাই থেকে কানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঐশ্বরিয়া। শনিবার (২০ মে) আবারো লাল গালিচায় দেখা যাবে এ অভিনেত্রীকে।


মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/নূর

প্রিয়াঙ্কার প্রশংসায় ক্যারোলিন





মিডিয়া স্টারস: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করলেন আমেরিকান প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে প্রশংসা করেন তিনি।


সাক্ষাতকারে প্রিয়াঙ্কা সম্পর্কে জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমেরিকার মানুষ প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছেন। সে অনেক ভালো।’

৮৯তম অস্কার আসরে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার পেয়েছে ওজে: মেড ইন আমেরিকা । ওজে সিম্পসনের জীবন নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রের প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো।

এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজে অভিনয় করে হলিউডে পরিচিতি পান প্রিয়াঙ্কা।

কোয়ান্টিকো টিভি সিরিজে প্রথম ও দ্বিতীয় সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েন তিনি। কোয়ান্টিকো এর তৃতীয় সিরিজেও কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

বর্তমানে বেওয়াচ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে এই অভিনেত্রীর। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

এ ছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।




মিডিয়া স্টারস অনলি/২০ মে ২০১৭/আরএন রুনা

Monday, May 1, 2017

‘সুস্মিতার কারণে সংসার ভেঙেছিল’


মিডিয়া স্টারস: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কারণেই সংসার ভেঙেছিল বলিউড নির্মাতা বিক্রম ভাটের। সম্প্রতি বিক্রম ভাট এসব কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।

এ প্রসঙ্গে বিক্রম ভাট বলেন, ‘সুস্মিতার কারণে আমার সংসার ভেঙেছিল। সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রতারণা করেছিলাম স্ত্রীর সঙ্গে। শুধু তাই নয় সন্তানকেও অবহেলা করেছি। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে তছনছ করেছিলাম সে সম্পর্কও টেকেনি। কারণ এক সময় সুস্মিতার প্রাক্তন বয়ফ্রেন্ড হয়ে যাই।’

তিনি আরো বলেন, ‘সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল। তবে তার জন্য নয়, পরিবারকে ছোট করা, বাচ্চাকে অবহেলা করা এ সব কথা মনে করে নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে এমন অনুভূতি হয়েছিল।

নির্মাতা বিক্রম ভাট একটি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসের রসদ তিনি তার জীবন থেকেই নিয়েছেন। তবে এ বইয়ে সুস্মিতার কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন বিক্রম।


মিডিয়া স্টারস অনলি/১ মে ২০১৭/একেএ

Tuesday, March 28, 2017

বাহুবলিকে হত্যার কারণ জানালেন কাটাপ্পা


চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার একটি বাহুবলি-দ্য কনক্লুশন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল এটি। প্রথম পর্বের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছেন। কিন্তু কেন কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছিলেন তা নিয়ে রহস্য থেকেই গেছে। আর এর উত্তর মিলবে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায়।

কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছেন তার উত্তর গত দুই বছর ধরে খুঁজছেন দর্শক। সিনেমাটি মুক্তির এখনো এক মাস বাকি। তাই কাটাপ্পা অর্থাৎ অভিনেতা সত্যরাজকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অবশ্য অনেকটা কৌশলেই এর উত্তর দিয়েছেন এ অভিনেতা। উত্তরে বুঝিয়ে দিয়েছেন প্রকৃত উত্তর জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির দিন পর্যন্ত।

এ প্রসঙ্গে অনেকটা মজা করেই কাটাপ্পা অর্থাৎ সত্যরাজ বলেন, ‘প্রযোজক শভু ও প্রসাদ স্যার আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। আর পরিচালক রাজামৌলি আমাকে বাহুবলিকে হত্যা করতে বলেছেন, তাই আমি হত্যা করেছি। তা না হলে আমি কেন প্রভাসকে (বাহুবলি) মারতে যাব? মির্চি সিনেমার সময় থেকেই তার সঙ্গে আমার অনেক অনেক ভালো সম্পর্ক।’

এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক রাজামৌলি বিষয়টি নিয়ে বলেছিলেন, ‘আমি সিনেমার শেষে টুইস্ট আনার জন্য কাটাপ্পাকে বলেছিলাম বাহুবলিকে হত্যা করতে। আমি জানতাম এটি দর্শকের মধ্যে প্রভাব ফেলবে কিন্তু এতটা ফেলবে তা ভাবিনি।’

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল। ৬ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। যা ভারতীয় কোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে এটি। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশিবার দেখা ও সবচেয়ে পছন্দের ট্রেইলার এটি।

এদিকে মুক্তির পর প্রায় ৬০০ কোটির উপরে ব্যবসা করেছিল বাহুবলি-দ্য বিগিনিং। সিক্যুয়েল সিনেমাটি যেন বুঝতে সুবিধা হয় এ জন্য আবারো এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

মুখোমুখি শাহরুখ-অক্ষয়


বছরের শুরুতেই বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শাহরুখ খান অভিনীত রইস ও হৃতিক রোশানের কাবিল। এবার মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার ও শাহরুখ খান।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১১ আগস্ট বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অক্ষয় কুমার ও ভূমি পেনেকার অভিনীত সিনেমা টয়লেট-এক প্রেম কথা, শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা দ্য রিং। যদিও ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমাটির নাম পরিবর্তন করে রেহনুমা রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। 

শাহরুখ খান অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ অনেক আগেই নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে অক্ষয় অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ মঙ্গলবার (২৮ মার্চ) জানানো হয়। যদিও সিনেমাটি ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১১ আগস্ট করা হয়েছে।

এর আগে অক্ষয় অভিনীত ক্র্যাক সিনেমাটির সঙ্গে শাহরুখের এ সিনেমাটির বক্স অফিস লড়াইয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু ক্র্যাক সিনেমাটি পিছিয়ে গেলে ওই দিনে টয়লেট-এক প্রেম কথা মুক্তির সিদ্ধান্ত নেন অক্ষয় ও সিনেমার নির্মাতারা।

সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হবেন অক্ষয় ও শাহরুখ। এর আগে ২০১২ সালে শাহরুখ অভিনীত চেন্নাই এক্সপ্রেস ও অক্ষয় কুমারের ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা সিনেমা দুটি মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে অক্ষয়ের সিনেমাটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। দেখা যাক এবার তারা মুখোমুখি হন কিনা।

Sunday, March 26, 2017

বন্ধই হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!


ভারতের জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। এ শোয়ের সঞ্চালক কপিল শর্মা। শোয়ের অন্যতম জনপ্রিয় মুখ সুনীল গ্রোভার, যিনি ডক্টর মাশহুর গুলাটি ও রিঙ্কু দেবী চরিত্রে অভিনয় করেন।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কপিল শর্মা ও সুনীল গ্রোভার। শোনা যায়, বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরবর্তীতে শোয়ের শুটিং করেননি সুনীল।

সুনীল গ্রোভারের পর শোয়ের অন্য দুই সদস্য আলি আসগর ও চন্দন প্রভাকরও শোয়ে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। ফলে বন্ধ হয়ে যায় পরবর্তী পর্বের শুটিং। আর পুরো ঘটনায় বিরক্ত চ্যানেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আগামী মাসে ‘দ্য কপিল শর্মা শো’র চুক্তি নবায়ন হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এ চুক্তির পরিমাণ ১০৬ কোটি রুপি। সহ-শিল্পীদের সঙ্গে কপিলের এমন ঘটনায় শোয়ের চুক্তি নবায়ন না করার চিন্তা করছেন চ্যানেল কর্তৃপক্ষ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

‘দ্য কপিল শর্মা শো’র প্রতি পর্বের জন্য সুনীল গ্রোভার পেতেন ৭ লাখ রুপি। অন্যদিকে ১ কোটি রুপি পেতেন কপিল।

এ শোয়ের সদস্য চন্দন জানিয়েছেন, তিনি কাজ করতে চান, কিন্তু শোয়ে ফেরার বিষয়টিতে স্বস্তি বোধ করছেন না। ‘জানি না কপিলের ওপর কার অভিশাপ লেগেছে, অক্টোবর থেকে শোয়ের টিআরপি শুধু নেমেই যাচ্ছিল।’ বলেন চন্দন।

দ্বন্দ্বের পর থেকে একে অন্যকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আনফলো করে দিয়েছিলেন কপিল ও সুনীল। তবে আবারো সুনীলকে ফলো করা শুরু করেছেন কপিল। কিন্তু এতেও তাদের মধ্যে বরফ গলছে না বলে জানা গেছে। সুনীলের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘পারিশ্রমিক বাড়িয়ে দিলেও সুনীল এ শোয়ে ফিরবেন না। তিনি অন্য জায়গা থেকে কয়েকটি প্রস্তাব পেয়েছেন। তিনি বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাইছেন।’

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘বড় কোনো তারকা অতিথি না পাওয়ায় কপিলকে শোয়ের শুটিং বাতিল করতে হয়েছে। এ কারণে তিনি ফিরাঙ্গি সিনেমার শুটিং করতে গিয়েছেন। আগামী ২৯ মার্চ মুম্বাইয়ে ফিরবেন তিনি।’

যৌন হয়রানির অভিযোগ তুলেছেন শিল্পা



প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে।

ভাসাইয়ের ওয়ালিভ থানায় দায়ের করা এফআইআর-এর বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এ অভিনেত্রী বলেছেন, ‘গত বছর আমি শারীরিক অসুস্থতায় ভুগেছি ও বিষন্নতার সঙ্গে লড়াই করেছি। আমি জানি ইন্ডাস্ট্রির অনেক নারী বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পান, কিন্তু তাদের পক্ষ থেকে আমি কথা বলতে চাই।’

শিল্পা দাবি করেছেন সঞ্জয় তাকে ‘সেক্সি’ বলে ডাকতেন। তাকে জোরপূর্বক আলিঙ্গন করার চেষ্টা করেছেন এবং তার কোমরে ও বুকে হাত দিয়েছেন।

এ অভিনেত্রী বলেন, ‘একবার তিনি আমাকে হয়রানি করলে মেকআপ-ম্যান পিঙ্কু পাটওয়া তা দেখে ফেলে, পরদিন তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। যখন আমি তাকে এ ব্যাপারে অগ্রাহ্য করি তখন আমাকেও শো থেকে বের করে দেয়া হয়।’

শিল্পা শিন্ডে বলেন, ‘আমার আইনজীবী নিয়ে এই সপ্তাহে তিনবার থানায় গেছি। পুলিশ এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীনতা দেখিয়েছেন।’

এর আগে ‘ভাবিজি ঘর পার হ্যায়’ শো থেকে বাদ পড়ার পর প্রযোজকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন শিল্পা। পরবর্তীতে তার বিরুদ্ধে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ পদক্ষেপ নিয়েছিল এবং তিনি আর কোনো শোয়ে কাজ করতে পারেননি।

সঞ্জয় এবং তার স্ত্রী বেনেইফার ‘এডিট টু প্রোডাকশন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালান। তারা এই অভিনেত্রীর বিরুদ্ধে ১২ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা দায়ের করেছিলেন।

বিনেইফার শিল্পার এ দাবিকে অস্বীকার করে বলেন, ‘তিনি (শিল্পা) যে লোকসান করেছেন আমরা তার বিরুদ্ধে শক্ত মামলা দায়ের করেছি। এটি কোটি কোটি টাকার মামলা। বিচারব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে। তার সঙ্গে আদালতে দেখা হবে।’

সালমানের ‘টিউবলাইট’র আরেকটি রেকর্ড


চলতি বছরের বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা টিউবলাইট। মুক্তির আগেই আরেকটি রেকর্ড গড়েছে সালমান খান অভিনীত সিনেমাটি।

রেকর্ড পরিমাণ দামে সিনেমাটির গানের স্বত্ব কিনে নিয়েছে সনি মিউজিক। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তবে গানের স্বত্ব কত দামে বিক্রি হয়েছে তা জানা যায়নি। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে, অর্থের পরিমাণ অতীতে যে কোনো হিন্দি সিনেমার গানের স্বত্ব বিক্রির চেয়ে বেশি।

টিউবলাইট সিনেমার গানের সংগীতায়োজন করেছেন জনপ্রিয় বলিউড সুরকার প্রীতম। ধারণা করা হচ্ছে এ সিনেমাতে আবারো তার সুরের মূর্ছনা ফিরে আনবেন তিনি।

সালমান খানের সিনেমার গানগুলো সব সময়ই চমৎকার হয়ে থাকে। বলা হয়ে তাকে গানের ব্যাপারে এ অভিনেতার পছন্দ বেশ ভালো। এর আগে সালমানের সুলতান সিনেমা গানের স্বত্ব যশরাজ ফিল্মস নিজেদের কাছেই রেখেছিল। অন্যদিকে প্রেম রতন ধন পায়ো সিনেমার গানের স্বত্ব ১৭ কোটি রুপি দিয়ে কিনেছিল টি-সিরিজ। যা ওই সময় পর্যন্ত সর্বোচ্চ ছিল।

এর আগে মধ্য ইন্ডিয়া ছাড়া পুরো ভারতে টিউবলাইট সিনেমাটির প্রদর্শন স্বত্ব ১৩২ কোটি রুপিতে কিনে নিয়েছে এনএইচ স্টুডিওজ। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল শাহরুখ খানের দিলওয়ালে সিনেমার দখলে। এর স্বত্ব বিক্রি হয়েছিল ১২৫ কোটি রুপিতে।

টিউবলাইট সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান। সালমান খান ও চীনা অভিনেত্রী ঝু ঝু ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহেল খান। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। 

সোনমের পোশাক নিলামে


বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। বিভিন্ন অনুষ্ঠানে নিত্যনতুন পোশাক পরে হাজির হন তিনি। এবার নিলামে উঠছে এই অভিনেত্রীর পোশাক।

সোনমের প্রায় এক ডজন পোশাক নিলামে তোলা হবে। সঙ্গে নিলাম হবে তার ব্যবহৃত হ্যান্ডব্যাগ। তবে মহৎ উদ্দেশ্যেই এগুলো নিলাম করা হবে। নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তা দান করা হবে দাতব্য সংস্থাতে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি এনজিও সংস্থার সঙ্গে যুক্ত আছেন সোনম। এর মধ্যে ২০১৬ সাল থেকে কাডলস ফাউন্ডেশনের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। সংস্থাটি ক্যানসার আক্রান্ত ও অনাহারি  শিশুদের নিয়ে কাজ করেন। এ সংস্থাতেই অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ফ্যাশন জগতে তিনি একটি পরিচিত নাম। তাই নিলাম থেকে ভালো অর্থই পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।’

সোনমের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নীরজা। সঞ্জয় দত্তের বায়োপিক দত্ত সিনেমায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া প্যাডম্যান ও বীরে দি ওয়েডিং সিনেমায় দেখা যাবে তাকে।

শাড়িতে কেন ইরফান?


জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সিনেমায় এখন পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।

ইরফান খানের পরবর্তী সিনেমা হিন্দি মিডিয়াম। বর্তমানে চলছে সিনেমাটির শুটিং। আর এ সিনেমার শুটিংয়ের প্রয়োজনেই নিজের শরীরে শাড়ি জড়িয়েছেন এ অভিনেতা।

সিনেমায় শাড়ির দোকানের মালিকের চরিত্রে অভিনয় করছেন ইরফান। ক্রেতাদের শাড়ি দেখানোর দৃশ্য করতে গিয়ে শরীরে শাড়ি জড়িয়েছেন। এর জন্য শাড়ি পরার প্রশিক্ষণও নিয়েছেন তিনি। ভারতের চাঁদনী চক, আনন্দ লোক, কারোল বাগ এবং নয়া দিল্লির সঙ্গম বিহারে সিনেমার শুটিং করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

হিন্দি মিডিয়াম সিনেমাটি পরিচালনা করছেন সকেত চৌধুরী। ইরফান খান ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন-সাবা কামার, অমৃতা সিং, যশপাল শর্মা, বিজয়কুমার দগরা প্রমুখ। আগামী ১২ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tuesday, March 21, 2017

রণবীরের ছয় রূপ


বলিউড অভিনেতা রণবীর কাপুর বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রাজকুমার হিরানির নির্মিতব্য ‘দত্ত’ সিনেমার শুটিং নিয়ে। এটি জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক।

মাথায় লম্বা চুল এবং সুঠাম দেহের অধিকারী রনবীরকে সম্প্রতি সিনেমাটির শুটিং সেটে দেখা যায়। ধারণা করা হয়,  এটি সঞ্জয় দত্তের ক্যারিয়ারের প্রথম দিকের অবস্থা বোঝাতেই এমন লুকে দেখা যাবে রনবীর কাপুরকে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, রণবীর কাপুরকে ‘দত্ত’ শিরোনামের সিনেমায় মোট ছয়টি ভিন্ন রূপে দেখা যাবে। যা সঞ্জয় দত্তের জীবনের  বিভিন্ন সময়কে উপস্থাপন করবে। ভারী চেহারা নিয়ে রনবীর সিনেমাটির শুটিং শুরু করেন। পরবর্তী শুটিংয়ের সময় তাকে আবার ওজন কমাতে হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রণবীর চলচ্চিত্রটির কাজ শুরু করে লম্বা চুল এবং তার ওজন বাড়িয়ে। দুই মাস পর তিনি আবার ওজন কমিয়ে শারীরিক গড়ন চিকন করেন। যা সঞ্জয় দত্ত অভিনীত প্রথম সিনেমা ‘রকি’-তে এমন লুকে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, রনবীর এই চলচ্চিত্রে মোট ছয়টি চরিত্রে অভিনয় করছেন। এসব চরিত্রের জন্য রনবীরকে বেশ পরিশ্রমও করতে হচ্ছে বলে জানা গেছে।

সঞ্জয় অভিনীত ‘রকি’, ‘খলনায়ক’, ‘মুন্নাভাই এম বি বিএস’সহ কয়েকটি চলচ্চিত্র থেকে এই চরিত্রগুলো নেয়া হয়েছে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে সেই লুকগুলো এখনো প্রকাশ্যে আসেনি।

‘বাবা নয়, স্বামী হিসেবে বেশি ভালো’


দীর্ঘ বিরতি ভেঙে ‘হেচকি’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন রানী মুখার্জি। গত ফেব্রুয়ারি মাস থেকেই এ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন।

জন্মদিন উপলক্ষে ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রানী। এ সময় রানীকে প্রশ্ন করা হয়, আপনি আবার কাজে ফিরছেন। তাই ব্যস্ততাও স্বাভাবিকভাবেই বাড়ছে। এদিকে মেয়ে আদিরা রয়েছে। আদিরার সঙ্গে আপনার স্বামী আদিত্য চোপড়ার সম্পৃক্ততা কেমন? এমন প্রশ্নের জবাবে রানী বলেন, ‘আমার মনে হয় এটা দুজনের ক্ষেত্রে একই। কারণ আদি কাজ নিয়ে আরো বেশি ব্যস্ত থাকে। সম্ভবত এখন অফিস থেকে সে খুব তাড়াতাড়ি ফিরবে। কারণ সে বুঝতে পারছে তার মেয়ে তার জন্য প্রতিদিন অপেক্ষা করে। আদিরা ঘুমানোর আগেই যেন তার বাবা বাসায় ফিরে আমিও সে চেষ্টা করছি।’ 

‘আদিত্য সকালটা তার মেয়ের সঙ্গে কাটায়। সকালে হাঁটতে যাওয়া এবং নাস্তা একসঙ্গে করে। আমি তাদের পরস্পরকে আরো সম্পৃক্ত করতে চেষ্টা করছি। যাতে তাদের বন্ধনটা আরো দৃঢ় হয়।’ বলেন রানী।

এ সময় রানীকে প্রশ্ন করা হয় আদিত্য চোপড়া স্বামী না বাবা হিসেবে বেশি ভালো? এমন প্রশ্নের জবাবে রানী বলেন, ‘বাবা নয় অবশ্যই স্বামী হিসেবে আদি বেশি ভালো। অন্তত এখন পর্যন্ত তাই আছে। আশা করছি, ভবিষ্যতেও তাই থাকবে। স্বাভাবিকভাবেই পুরুষরা ভালো বাবা হয় কিন্তু ভালো স্বামী হওয়াটা বেশি গুরত্বপূর্ণ। আমি চাই, সে ভালো স্বামী হিসেবে সারাজীবন থাকুক।’

রনবীর-মাহিরার ভিডিও ভাইরাল



ভারতে পাকিস্তানি শিল্পীরা আপাতত নিষিদ্ধ। ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু তাতে দূরে নেই দুই দেশের অভিনয়শিল্পীরা। তারই প্রমাণ মেলেছে দুই দেশের শিল্পীদের উপস্থিতিতে। আর এ নিয়ে তোলপাড় অন্তর্জাল দুনিয়া।

গতকাল সোমবার রনবীর কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে একটি ভিডিও। এতে একসঙ্গে দেখা যায় বলিউড অভিনেতা রনবীর কাপুর ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। ভিডিওতে দেখা যায়, একটি ঘরে দরজার সামনে দাঁড়িয়ে রনবীর। তার সামনে দাঁড়িয়ে আছে লাল রঙের জামা পরিহিত মাহিরা খান। কোনো একটি বিষয় নিয়ে পরস্পর কথা বলছেন তারা। ভিডিওতে অডিও না থাকায় ঠিক বুঝা যায়নি কি বলছেন তারা।

জানা গেছে, গত রোববার দুবাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রনবীর-মাহিরা খান। এ সময়ই একফ্রেমে বন্দি হয়েছেন তারা। ভিডিওটি প্রকাশের পরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠে। এ ছাড়াও তাদের আরেকটি ভিডিও পরে প্রকাশিত হয়েছে। যেখানে দুজনকে হাসিমুখে দেখা যায়। ধারণা করা হচ্ছে, স্টেজে কোনো একটি দৃশ্যের জন্য তারা রিহার্সেল করছিলেন। তারই ভিডিও এগুলো।

যৌন হেনস্তার শিকার অভিনেত্রী


ভারতীয় টেলিভিশন অভিনেত্রী পাংখুরি। তার অভিনীত ‘কেয়া কসুর হ্যায় আমলা কা’ শিরোনামের নতুন নাটক খুব শিগগির প্রচার শুরু হবে। এতে একজন ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাংখুরি। এ সময় তার অভিনীত চরিত্র প্রসঙ্গে কথা বলেন তিনি। কথা প্রসঙ্গে পাংখুরি বলেন, ‘আমি দেশের অনেকগুলো শহরে থেকেছি। দিল্লি, চণ্ডীগড়, নয়ডা, বেঙ্গালুরুর মতো শহরে থাকার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, নগরজীবনে মেয়েরা খুব একটা নিরাপদ নয়।’

তিনি আরো বলেন, ‘আমিও নিজেও অনেক অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হয়েছি। যখন দিল্লিতে থাকতাম তখন রোজ মেট্টোয় উঠে কলেজ যেতে হতো। তখন ভিড়ের মধ্যে আমার সঙ্গে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু ছোট ছিলাম তাই  প্রতিবাদ করার সাহস ছিল না।’

সম্প্রতি পাংখুরির সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমি বেঙ্গালুরু গিয়েছিলাম। কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার পরনে ছিল একটা শর্ট স্কার্ট। হঠাৎ খেয়াল করলাম, একটা লোক পেছন থেকে এসে আমার স্কার্টের তলায় হাত দিচ্ছে। লোকটা আমার উরু স্পর্শ করছিল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে লোকটাকে টেনে একটা থাপ্পড় মারি।’  

লাঞ্ছনার প্রতিবাদ করতে পেরে গর্বিত পাংখুরি। তিনি আশা করেন, এভাবে চারিপাশে যদি মেয়েরা সরব হয়ে উঠে তা হলে নারীনিগ্রহের হার কমবে বলেও জানান পাংখুরি।

Saturday, March 11, 2017

এক দৃশ্যের জন্য তিন বছর অপেক্ষা




মিডিয়া স্টারস ডেস্ক :  রমেশ সিপ্পি পরিচালিত বলিউডের কালজয়ী সিনেমা শোলে। এতে জয় চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বি’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। এ অভিনেতা জানান, শোলে সিনেমার একটি দৃশ্য শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছিলেন সিনেমাটির পরিচালক।

সম্প্রতি ‘রমেশ সিপ্পি অ্যাকাডেমি অব সিনেমা অ্যান্ড এন্টারটেইনমেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেন, ‘শোলে’র এই দৃশ্যটি হয়তো আপনার মনে আছে, যেখানে জয়া (বচ্চন) বারান্দায় বাতি জ্বালাচ্ছিলেন এবং আমি বাইরে হারমোনিকা বাজাচ্ছিলাম।

দৃশ্যটির শুটিংয়ের জন্য এক বিশেষ আলোর প্রয়োজন ছিল। আমাদের চিত্রগ্রাহক দ্বারকা দিবেচা সূর্যাস্তের সময় শুটিং করতে চেয়েছিলেন। আপনারা বিশ্বাস করবেন না রমেশ জি প্রায় তিন বছর অপেক্ষার পর দৃশ্যধারণ করতে সক্ষম হয়েছিলেন।’

৭৩ বছর বয়সি এ অভিনেতা আরো বলেন, “আমরা যতবারই দৃশ্যটির শুটিং করতে গেছি ততবারই আলো নিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতো। রমেশ জি বলেছিলেন, ‘যতক্ষণ পর্যন্ত ঠিক মতো আলো না পাওয়া যাবে আমরা শুটিং করব না।’ আমরা ওই দৃশ্যটির শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছি।”

মিডিয়া স্টারস/ঢাকা/১১ মার্চ ২০১৭/নূর

সবচেয়ে ব্যবসাসফল ১০ ভারতীয় সিনেমা

ছবির কোলাজ

মিডিয়া স্টারস ডেস্ক: উপমহাদেশে সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ভারতীয় তথা বলিউড একটু এগিয়ে। তাদের সিনেমা নিয়ে বিশ্বের অন্যান্য দেশেও আগ্রহ লক্ষ্য করা যায়। বিগত কয়েক বছর ধরে দেশটির বেশকিছু সিনেমা বক্স অফিসে শত শত কোটি রুপি আয় করে নিয়েছে।

যুগের সাথে তাল মিলিয়ে গল্পের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও এগিয়ে যাচ্ছে তারা। সিনেমার জন্য কোটি কোটি টাকা যেমন খরচ করছেন, তেমনি বক্স অফিসে আয় করছেন শত শত কোটি টাকা।

ভারতের ইতিহাসে এ যাবৎ সবচেয়ে ব্যবসাসফল ১০ সিনেমা নিয়ে সাজানো আমাদের আজকের প্রতিবেদন।

পিকে : ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা ‘পিকে’। বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি প্রযোজিত এই সিনেমাটি মূলত একটি সায়েন্স ফিকশন-কমেডি ঘরানার সিনেমা। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন-আমির খান, অনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানিসহ আরো অনেকে। ২০১৪ সালের শেষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মুক্তির কয়েকমাসের মধ্যেই তালিকার শীর্ষে থাকা ‘ধুম-থ্রি’ সিনেমাকে অতিক্রম করে শীর্ষস্থান দখল করে। মাত্র ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি এ পর্যন্ত সর্বমোট আয় করেছে ৭৯২ কোটি রুপি।

দঙ্গল :  নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ সিনেমাটি মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে। মুক্তির অল্পদিনের মধ্যে সিনেমাটি দখল করে নেয় তালিকার দ্বিতীয় স্থান। এতে অভিনয় করেছেন আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানাসহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান, কিরন রাও এবং সিদ্ধার্থ রয় কাপুর। ‘দঙ্গল’ মূলত একটি বায়োগ্রাফিক্যাল-স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমা। ৭০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৭৪১ কোটি রুপি।

বাহুবলি-দ্য বিগিনিং : তালিকার তৃতীয় স্থানে রয়েছে একইসাথে তামিল ও তেলেগু ভাষায় নির্মিত ভারতীয় সিনেমা ‘বাহুবলি : দ্য বিগিনিং’। এটি একটি ভারতীয় এপিক হিস্ট্রিক্যাল ফিকশন সিনেমা। এসএস রাজামৌলি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে ১০ জুলাই। এতে অভিনয় করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা প্রভাস, রানা দাগ্গুবতি, অনুশকা শেঠি, তামান্না ভাটিয়াসহ আরো অনেকে। ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে ৬৫০ কোটি রুপি।

বজরঙ্গি ভাইজান : ড্রামা ঘরানার বলিউড সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ রয়েছে তালিকার চতুর্থ স্থানে। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালের ১৫ জুলাই। কবির খান পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান, হার্শালি মালহোত্রা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, কারিনা কাপুর খান সহ আরো অনেকে। ৯০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে ৬২৬ কোটি রুপি। সিনেমাটি প্রযোজনা করেছিলেন সালমান খান এবং পারভেজ শায়েখ।

সুলতান : তালিকার পঞ্চম স্থানে রয়েছে রোমান্টিক-স্পোর্টস সিনেমা ‘সুলতান’। মাত্র ৭০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে ৫৮৯ কোটি রুপি। এতে অভিনয় করেছেন সালমান খান, অনুশকা শর্মাসহ আরো অনেকে। সিনেমাটি  পরিচালনা করেছেন আব্বাস আলী জাফর, প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালের ৬ জুলাই।

ধুম-থ্রি : ২০১৪ সালে ‘পিকে’ মুক্তির আগ পর্যন্ত ‘ধুম-থ্রি’ ছিল এই তালিকার প্রথম স্থানে। কিন্তু বর্তমানে আয়ের দিক থেকে এই সিনেমার অবস্থান তালিকার ষষ্ঠ স্থানে। আদিত্য চোপড়া প্রযোজিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এতে অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়াসহ আরো অনেকে। ২০১৩ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল ১৭৫ কোটি রুপি। সিনেমাটি সর্বমোট আয় করে ৫৮৫ কোটি রুপি।

প্রেম রতন ধন পায়ো : রোমান্টিক-ড্রামা ঘরানার বলিউড সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১২ নভেম্বর। ব্যবসায়ীক সাফল্যের কারণে সিনেমাটি রয়েছে এই তালিকার সপ্তম স্থানে। ১৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে ৪৩২ কোটি রুপি। এতে অভিনয় করেছেন সালমান খান, সোনম কাপুর, অনুপম খেরসহ আরো অনেকে।

চেন্নাই এক্সপ্রেস : রোমান্টিক-কমেডি ঘরানার বলিউড সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ রয়েছে এই তালিকার অষ্টম স্থানে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে ৯ আগস্ট। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন-শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ আরো অনেকে। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল ১১৫ কোটি রুপি। এটি সর্বমোট আয় করেছে ৪২৩ কোটি রুপি।

থ্রি-ইডিয়টস : ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি-ইডিয়টস’ সিনেমাটি ২০১৩ সালে ‘ধুম-থ্রি’ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ভারতের সর্বকালের সেরা ব্যবসাফল সিনেমা হিসেবে তালিকার প্রথমে ছিল। বর্তমানে এর অবস্থান এই তালিকার নবম স্থানে। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত কমেডি-ড্রামা সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। এতে অভিনয় করেছেন আমির খান, মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানিসহ আরো অনেকে। ৫৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে ৩৯৫ কোটি রুপি।

দিলওয়ালে : গৌরি খান এবং রোহিত শেঠি প্রযোজিত ‘দিলওয়ালে’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১৮ ডিসেম্বর। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রোহিত শেঠি। এতে অভিনয় করেছেন-শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান, কৃতি স্যাননসহ আরো অনেকে। ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে ৩৮৯ কোটি রুপি।

এছাড়া আয়ের তালিকায় সেরা ভারতীয় সিনেমা হিসেবে এরপর যথাক্রমে রয়েছে ‘বাজিরাও মাস্তানি’, ‘কিক’, ‘কাবালি’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ব্যাং ব্যাং’ ইত্যাদি।



মিডিয়া স্টারস/ঢাকা/১১ মার্চ ২০১৭/নূর
Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates