Featured
Showing posts with label নাটক. Show all posts
Showing posts with label নাটক. Show all posts

Sunday, March 26, 2017

ব্যবসায় নামলেন মিষ্টি


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আগামী ২১ এপ্রিল মিষ্টি অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসা শুরু করেছেন তিনি।

রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের তৃতীয় তলায় ‘জান্নাত এক্সপ্রেস’ (দোকান নং  :৩৬৭) নামের ফ্যাশন হাউস খুলেছেন তিনি। গতকাল ২৪ মার্চ ‘তুই আমার’ সিনেমার পোস্টারের মোড়ক উন্মোচন ও এ ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী, জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অমৃতা, বিপাশা কবির, চিত্রনায়ক শিপন, ফারুক মজুমদারসহ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা।




এ সময় মিশা সওদাগর বলেন, “অনেক শিল্পীদের বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে হয়। কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়তে হয়। বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে না হয় তাই প্রত্যেক শিল্পীদের ব্যবসা করা উচিৎ। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশে এটা কম দেখা যাচ্ছে। মিষ্টি নিজে ব্যবসার উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো। ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করছি।”
চিত্রনায়ক রিয়াজ বলেন, “আমি অভিনেতা ছাড়াও একজন ব্যবসায়ী। আমার ‘ফুড টোয়েন্টিফোর টুগেদার’ নামের একটি রেস্তোরাঁ রয়েছে। শিল্পী পরিচয়ের বাইরে ব্যবসায়ী পরিচয়ে পরিচিতি পাওয়া দোষের কিছু নয়। আমি ‘জান্নাত এক্সপ্রেস’র সাফল্য কামনা করি।”

মিষ্টি জান্নাত বলেন, “ রুচিশীল ও ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে ‘জান্নাত এক্সপ্রেস’-এ। খুব শিগগিরই ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও ‘জান্নাত এক্সপ্রেস’র শাখা চালু হবে।”

সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমাটিতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া সম্প্রতি তার তামিল সিনেমার শুটিং করে দেশে ফিরেছেন মিষ্টি। ‘রংবাজ খিলাড়ি’শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছেন সত্যপ্রকাশ। এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। তাছাড়া ওপার বাংলার সূর্য্যের বিপরীতে ‘তুই আমার রানী’, সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’শিরোনামের সিনেমাগুলোর শুটিং শেষ করে মুক্তি অপেক্ষায় রয়েছে।

মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’  চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ শিরোনামের আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

লিভ-ইন করছেন ঊর্মিলা-সিয়াম!


লিভ-ইন করছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও টেলিভিশন অভিনেতা সিয়াম। তবে বাস্তব জীবনে নয় ‘বৃষ্টির ঘ্রাণ’ শিরোনামের একক নাটকে এমন দৃশ্য দেখা যাবে। মিডিয়া স্টারস’ এর সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।

নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করছেন অভ্র মাহমুদ। এতে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

নাটকের গল্প প্রসঙ্গে মেজবাহ উদ্দিন সুমন বলেন, ‘নাটকের গল্পে সিয়াম চিত্রশিল্পী। সে ভালোবাসে ঊর্মিলা শ্রাবন্তী করকে। এক পর্যায়ে তারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের আগে তারা লিভ-ইন সম্পর্কে ছিল। তারা বিশ্বাস করে, কাগজে কলমের বিয়ের চেয়ে পরস্পরের আত্মিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ। কারণ কাগজে কলমে বিয়ের পরও অনেক দম্পতির মাঝে আত্মিক সম্পর্ক তৈরি হয় না। তবুও সামাজিকতা মেনেই তারা বিয়ে করে এবং কক্সবাজারে একটি বাংলো নিয়ে একসঙ্গে বসবাস শুরু করে।’ 

তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি মানুষের শরীরে আলাদা আলাদা ঘ্রাণ রয়েছে। শরীরের এই ঘ্রাণ একজন আরেকজনকে আকৃষ্ট করে। ঠিক এই বিষয়টি নাটকের মূল প্রতিপাদ্য। নাটকে সিয়াম তার স্ত্রী ঊর্মিলার শরীর, চুলের আলাদা ঘ্রাণ পেতো। এক সময় সে ঊর্মিলার শরীরে আর ঘ্রাণ খুঁজে পায় না। হঠাৎ কেন ঘ্রাণ খুঁজে পায় না এ প্রশ্ন নিয়ে গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এর কারণ বলা যাবে না (হাসি)।’

রোববার থেকে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে। আগামীকালও দৃশ্যধারণের কাজ হবে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে নাটকটি। কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন সুমন।

Tuesday, March 7, 2017

এবার রিয়াজের প্রেমে প্রভা!


বড় পর্দায় খুব বেশি দেখা যায় না জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার মিনহাজুল ইসলাম পরিচালিত ‘মায়া’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

নাটকটি রচনা করেছেন শিমুল শিশির। গত ৪ মার্চ থেকে কক্সবারে শুটিং শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পরিচালক মিনহাজুল ইসলাম।

এ প্রসঙ্গে মিনহাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘মায়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রভা। এতে প্রভা ও রিয়াজ ভাইয়ের মধ্যে প্রেমের সর্ম্পক হয়। একটা সময় প্রভার পরিবার জানতে পেরে প্রভাকে অন্যত্র নিয়ে গিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়। দীর্ঘ বিশ বছর পর প্রভা তার স্বামীকে নিয়ে কক্সবাজার আসেন। এমন সময় রিয়াজের সঙ্গে প্রভার দেখা হয়। এভাবেই এর গল্প এগিয়ে গেছে।’’

বেসরকারি দীপ্ত টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। তবে কবে নাগাদ প্রচার শুরু হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্মাতা। ছয় পর্বের এ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন জান্নাতুল টুম্পা।

Monday, February 27, 2017

গোলাপ ও প্রভার গল্প


‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সাদিয়া জাহান প্রভা। এদিকে অভিনেতা সাঈদ বাবুর স্টেশনারীর দোকান। সঙ্গে ফুলও বিক্রি করেন তিনি। প্রভা হঠাৎ করেই এই দোকান থেকে প্রতিদিন একটি করে গোলাপ ফুল কিনতে শুরু করেন। এতে বাবু খুব চিন্তিত হয়ে পড়েন। কারণ বাবু প্রভাকে ভালোবাসে তবে কখনো মুখে বলেনি।’ রাইজিংবিডিকে এভাবেই কথাগুলো বলেন নাট্যকার সাজিন আহমেদ বাবু।

‘পুষ্প’ শিরোনামের একক নাটকের গল্পে এমন দৃশ্য দেখা যাবে। নাটকটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু। পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রভা ও বাবু।

প্রতিদিন প্রভার গোলাপ কেনার কারণে বেশ আহত হতে থাকেন বাবু। তারপর নাটকের গল্পে কি ঘটে সেই প্রসঙ্গে সাজিন আহমেদ বাবু বলেন, ‘তখন বাবু ভাবেন, প্রভা হয়তো অন্য কাউকে ভালোবাসে এবং তাকেই প্রতিদিন ফুল দেয়। তাই কোনো পথ না পেয়ে প্রভার কাছে গোলাপ বিক্রি করা বন্ধ করে দেয় বাবু। ফুল বিক্রি বন্ধ করায় বাবুকে মারধর করে প্রভা। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। আর পরের দৃশ্য দেখার জন্য টেলিভিশনের পর্দায় চোখ রাখুন।’

সাঈদ বাবু-প্রভা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ, ইকরাম, এমিলা হক। গত ২০-২১ ফেব্রুয়ারি নগরীর উত্তরা, ডিয়াবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

টম ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এ নাটকটি আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে বলেও জানান সাজিন।

Saturday, February 25, 2017

শাওনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: ক্ষমা চাইলেন বান্টি মীর (ভিডিও)


বান্টি মীর (বামে) ও শাওন

জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে ইউটিউবে কুরুচিপূর্ণ ব্ক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বান্টি মীর।

শাওনের জিডির একদিন পর শনিবার নিজের ফেসবুক পেজে ক্ষমা চান বান্টি মীর।

“মাফ করেন আমাকে সবাই। অনেক গালি খাইছি।মাফ করে দেন… আর গালি দিয়েন না। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন,” ফেসবুকে বলেন বান্টি মীর।





এর আগে তিনি আরেকটি পোস্টে বলেন, “মানুষের গোপন কথা বলতে নেই। আর আমি সেই ভুলটিই করেছি। জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না? আল্লাহ তার অশেষ কৃপায় আমাকে ক্ষমা করুন, আমীন।”



এরপর ফেসবুকে তাকে জিডির জানালে তিনি বলেন, “তাতে কী হয়েছে। অনেক বেশি গালি দিয়ে ফেলেছি, যা আসলে খুব খারাপ কাজ করেছি আমি। কিন্তু আমি কখনো বলবো না যে, শাওন ভাল কাজ করেছে। তিনি একটা পরিবার ভেঙেছেন। এটাই আসল কথা। তিনি এজন নারী হয়ে শুধু লোভের বশবর্তী হয়ে অন্য নারীর প্রতি এমন কাজ করতে পারেন না। এটাই… এ বিষয় এখানেই শেষ করলাম।”


সম্প্রতি ইউটিউবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিওটি ছাড়েন বান্টি মীর, যা খুব অল্প সময়ে ইন্টারনেটে ভাইরাল হয়।

এরপর গত শুক্রবার রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন।

‘ডুব’ বিতর্ক সম্মিলিত স্টান্টবাজিও হতে পারে : মতিন রহমান

মতিন রহমান, মোস্তফা সরয়ার ফারুকী, মেহের আফরোজ শাওন (বাঁ থেকে)

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত সিনেমা ‘ডুব’। যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আটকে আছে।

‘ডুব’ সিনেমায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকার  ঘটনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠান হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে হুমায়ূন কন্যা শিলাও আপত্তি জানিয়েছেন।

এ নিয়ে চলছে বিতর্ক। ইতোমধ্যে বিষয়টি নিয়ে চলচ্চিত্র ও সাহিত্যঙ্গনের লোকজনও নানা মন্তব্য করছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন গুণী নির্মাতা মতিন রহমান।

এ ব্যাপারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান বলেন, ‘কোনো বিখ্যাত মানুষের জীবন কাহিনি নিয়ে সিনেমা নির্মাণ করলে অবশ্যই তার পরিবারের অনুমতি প্রয়োজন। যদি কাল্পনিকভাবে কোনো সিনেমা নির্মাণ করা হয় আর তা যদি কারো জীবনের সঙ্গে মিলে যায় বা সত্য ঘটনার সঙ্গে মিলে যায় তা আইনত দন্ডণীয়।’

তিনি আরো বলেন, ‘ঋতুপর্ণ ঘোষ নির্মিত সিনেমা ‘আবহমান’। আমার বিশ্বাস, এই সিনেমাটি সত্যজিৎ রায়ের জীবনের একটি গল্প। ওই গল্পটি মনে হয়, তার জীবনের গল্প কিন্তু ধরার উপায় নাই। কিন্তু পরিচালক তার নির্মাণশৈলি, তার বোধ শক্তি থেকে এমনভাবে একটা কল্পনার জগৎ সৃষ্টি করেছেন যা স্পর্শ করা যায় না, অনুভব করা যায়। কিন্তু ‘ডুব’ সম্ভবত স্পর্শ করা যায়। স্পর্শ করা যায় এমন উপাদান সবসময়ই আইনের আওতায় পড়ে। সিনেমার সঙ্গে জড়িতরাও বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কথা বলেছেন। এটা নিয়ে ওরা নিজেরাই বির্তকের সৃষ্টি করছে। ‘ডুব’ বির্তক তাদের উভয়ের সম্মিলিত স্টান্টবাজি কিনা, তার ব্যাখ্যা আপনারা খুঁজে বের করুন।’

বেশ আগে ‘ডুব’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মুক্তির জন্য সব প্রস্তুতিও প্রায় শেষ। গত বছরের ৪ নভেম্বর কলকাতার একটি শীর্ষ দৈনিক ‘হুমায়ূন আহমেদের চরিত্রে ইরফান? কিন্তু এত লুকোছাপা কেন’ শিরোনামে প্রকাশিত একটি খবরে পাল্টে যায় দৃশ্যপট।  তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে ‘ডুব’ সিনেমাটি হুমায়ূন আহমেদের বায়োপিক। এতে পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি।  এদিকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘এটা হুমায়ূন আহমেদের বায়োপিক নয়।’

‘ডুব’ সিনেমার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।  এছাড়াও এতে অভিনয় করেছেন ভারতের  ব্রাত্য বসু, পর্ণো মিত্র। বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।

Friday, February 24, 2017

মীরের বিরুদ্ধে শাওনের জিডি

বান্টি মীর ও শাওন

অশালীন বক্তব্য প্রচারের অভিযোগে বান্টি মীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার ধানমন্ডি থানায়  তিনি এ জিডি করেন।

এদিন সন্ধ্যায় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘মেহের আফরোজ শাওনের জিডি নম্বর ১১৮৪। একজন কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জিডিতে শাওন বলেন, ‘গত দুই-তিন দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। এমনকি আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। বান্টি মীর নামের কারো সঙ্গে আমার কখনো কোনো পরিচয় ছিল না। আমি এ ব্যক্তি সম্পর্কে জানিও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি আমার বিরুদ্ধে প্রচার করে আসছেন সেসবের কোনো সত্যতা নেই।’

গণমাধ্যমকে শাওন বলেছেন, ‘বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ইস্যুকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন মীর। এসব এখন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, যার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক।’


Monday, February 20, 2017

মেহজাবীন-তৌসিফের দ্বন্দ্ব


ফসলি জমি। তার মাঝ দিয়ে বয়ে গেছে জমির আইল। এই আইল ধরেই হেঁটে যাচ্ছেন ভাষা ও সুমন। অনেকটা গম্ভীর মুখে হাঁটছেন ভাষা। তার এমন চিন্তিত চেহারা দেখে সুমন বলেন, ‘কি চিন্তায় পড়ে গেলেন? ভাবছেন, এখানে জমি কিনে কিভাবে টিকে থাকব! চেয়ারম্যানের কুত্তা এরা। এদের কারণে অনেকেই অতিষ্ঠ। কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারে না।’ এমন দৃশ্য দেখা যাবে ‘ভাষা’ শিরোনামের একক নাটকের গল্পে।

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে নির্মাতা সাইদুর রহমান রাসেল নির্মাণ করেছেন নাটকটি। শফিক রহমান শান্তুনু রচিত এ নাটকের ভাষা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আর সুমন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। মাস্টার চরিত্রে দেখা যাবে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুকে।

নাটকে মেহজাবীন ও তৌসিফের চরিত্র প্রসঙ্গে পরিচালক সাইদুর রহমান সুমন রাইজিংবিডিকে বলেন, “মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব দুজনই উচ্চ শিক্ষিত। মেহজাবীন বিদেশে পড়াশোনা করেছেন আর তৌসিফ দেশে। পরস্পরের চিন্তা-ভাবনা বিপরীতমুখী। বিদেশে থেকেও দেশের প্রতি গভীর টান অনুভব করেন মেহজাবীন। কিন্তু তৌসিফ দেশ নিয়ে চূড়ান্ত হতাশ। তাদের এই মানসিক দ্বন্দ্ব দেখা যাবে ‘ভাষা’ শিরোনামের এই একক নাটকে।”

তিনি আরো বলেন, ‘নাটকের গল্পে একই সঙ্গে চলতে থাকে ভিন্ন দৃষ্টিভঙ্গির দুজন মানুষের ভেতর নীরব যুদ্ধ। এ যুদ্ধ যেন আমাদের এক অস্তিত্ব সংকটের মুখোমুখি  দাঁড় করিয়ে দেয়। শেষ পর্যন্ত গৌরবজ্জল ইতিহাস মনে করিয়ে দেয় ট্র্যাজিক এক মুহূর্তের মাধ্যমে।’

গত ১১-১২ ফেব্রুয়ারি কালিয়াকৈরের জমিদার বাড়িতে নাটকটির শুটিং শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সজলের প্রেরণা চৈতী!



‘আমি সজল ভাইয়ের স্ত্রী। মানসিকভাবে আমি বেশ শক্ত। কিন্তু সজল অনেক বোকা প্রকৃতির একটি ছেলে। বোকামির কারণে চাকরি থেকে শুরু করে কোথাও ভালো কিছু করতে পারে না। একবার অফিসে বসের শরীরে রসমালাই ঢেলে দেয়। কোনো কাজই ঠিক মতো করতে পারে না। সে যা করে তাই ফালতু। তবে স্ত্রী হিসেবে আমি তাকে প্রতিনিয়ত প্রেরণা ও সাহস দিয়ে যাই।’ ‘ফালতু’  শিরোনামের নাটকে নিজের চরিত্র সম্পর্কে রাইজিংবিডিকে কথাগুলো বলেন লাক্স তারকা ইশরাত জাহান চৈতী।

নজরুল কোরাইশীর রচনা ও পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও ইশরাত জাহান চৈতী।

ইশরাত জাহান চৈতী আরো বলেন, ‘নাটকের গল্পে কিছু কমেডি রয়েছে। কিন্তু একটি ট্র্যাজিক ঘটনার মাধ্যমে গল্পের পরিসমাপ্তি ঘটে। আর শুটিং সেটে সজল ভাইয়ের সঙ্গে কাজ মানেই সব সময় ফান থাকবেই। সঙ্গে শিরিন বকুল আপা ছিলেন তাই আনন্দের মাত্রা আরো বেড়ে গিয়েছিল।’

সম্প্রতি আফতাব নগরে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি কোনো একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

একক নাটকের পাশাপাশি সম্প্রতি তাজু কামরুলের ‘ধূসর গোধূলী’, মানিক হোসেন খোকনের ‘আমি তুমি সে’ শিরোনামের ধারাবাহিক নাটকসহ বেশ কিছু নতুন ধারাবাহিক ও একক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চৈতী।

তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘হাই সোসাইটি’ (এশিয়ান টেলিভিশন), ‘দূরত্ব’ (এটিএন বাংলা) প্রভৃতি। এছাড়াও ‘অভিবাসী’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার খুব শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।

Sunday, February 19, 2017

চাই না কোনো সিনেমা নিষিদ্ধ হোক : শাওন

মেহের আফরোজ শাওন

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমা নিয়ে চলছে বিতর্ক। যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সিনেমাটি অনাপত্তিপত্র স্থগিত করার পরই মূলত ‘ডুব’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।


এদিকে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন জানিয়েছেন, তিনি চান না কোনো সিনেমা নিষিদ্ধ হোক। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) নগরীর ধানমন্ডির বাসা ‘দখিনা হাওয়া’য় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাওন। এ সময় এ কথা বলেন তিনি।


এ সময় মেহের আফরোজ শাওন বলেন, “‘ডুব’ সিনেমায় হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনা নেই, তা নির্মাতা স্পষ্টভাবে কোনো বক্তব্যে জানাননি। হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনা থাকার যে আশঙ্কা আমি করেছিলাম তা সত্য বলেই মনে হচ্ছে। তবে আমি একজন নির্মাতা হিসেবে চাই না কোনো সিনেমা নিষিদ্ধ হোক। ‘ডুব’ সিনেমাটি বিতর্কিত অংশগুলো সংশোধন করে মুক্তি পেতে পারে।”


তিনি আরো বলেন, ‘হুমায়ূনের স্ত্রী হিসেবে, তার একজন ভক্ত পাঠক হিসেবে বলব, হুমায়ূন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা কোনো চলচ্চিত্রের পক্ষে অামি নই। প্রয়োজনে সেন্সর বোর্ড যদি সিনেমাটি দেখার আমন্ত্রণ জানায়, তবে আমি সিনেমাটি দেখে অসঙ্গতি দেখিয়ে দিতে পারব।’


যৌথ চলচ্চিত্রের নীতিমালা মেনে গত ১২ ফেব্রুয়ারি প্রিভিউ কমিটির কাছে জমা দেওয়া হয় সিনেমাটি। প্রিভিউ শেষে গত ১৫ ফেব্রুয়ারি এক অনাপত্তিপত্রের মাধ্যমে ছাড় দেয় কমিটি। কিন্তু তার এক দিন পরই ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় এক আদেশে অনাপত্তিপত্রটি স্থগিত করা হয়।
এদিকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা হওয়ার আগেই পরিচালক-অভিনেত্রী মেহের আফরোজ শাওন সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠিয়েছিলেন।  শাওন সেন্সর বোর্ডে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানতে পারি ‘ডুব’ সিনেমা জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে তৈরি করা হয়েছে। এতে পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি। তাই বিষয়টি সেন্সর বোর্ড কর্তৃপক্ষের নজরে নেয়ার অনুরোধ জানাচ্ছি।’


‘ডুব’ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। মুক্তির জন্য সব প্রস্তুতিও প্রায় শেষ। এমন অবস্থায় গত বছরের ৪ নভেম্বর কলকাতার একটি শীর্ষ দৈনিক ‘হুমায়ূন আহমেদের চরিত্রে ইরফান? কিন্তু এত লুকোছাপা কেন’ শিরোনামে প্রকাশিত একটি খবরে পাল্টে যায় দৃশ্যপট। এরপর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে ‘ডুব’ সিনেমাটি হুমায়ূন আহমেদের বায়োপিক।

‘ডুব’ সিনেমার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’।  এতে ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এর মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করলেন ইরফান খান। এতে আরো অভিনয় করেছেন পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু ও নাদের চৌধুরী।

Tuesday, February 14, 2017

ছেলেটি মাথা উঁচু করে তাকাতেই পারেনি : মিম

প্রেম-ভালোবাসা চিরন্তন। দেবদাস-পার্বতী, লাইলী-মজনুসহ অসংখ্য কালজয়ী প্রেমিকজুটি সৃষ্টি করেছেন ইতিহাস। সমাজের প্রতিটি নারী-পুরুষের মতো তারকারাও প্রেম-ভালোবাসার বাইরে নন। ভালোবাসার দুর্নিবার আকর্ষণ তাদের জীবন-যাত্রায় ব্যাপক প্রভাব ফেলে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে কথা হয় লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের। এ সময় তিনি তার জীবনের ঘটে যাওয়া প্রেম-ভালোবাসার কিছু স্মৃতি তুলে ধরেন।

মিম বলেন, ‘স্কুলজীবনে মিডিয়ার সঙ্গে যুক্ত হই। কলেজে তেমন একটা্ যাওয়া হয়নি। স্কুলের কয়েকজন বন্ধু ছিল। আর এখন যাদের সঙ্গে কাজ করি তারা সবাই সিনিয়র। তাদেরকে নিয়ে প্রেমের বিষয় কখনো ভাবিনি। মিডিয়াতে আট বছরের ক্যারিয়ার। এই সময়ের মধ্যে কখনো কাউকে ভালো লাগেনি। কিন্তু পছন্দ হয়েছে তবে প্রেম করার জন্য নয়। যেমন- আমি নোবেল ভাইকে খুব পছন্দ করি। তাকে দেখতে ভালো লাগে, তার ব্যক্তিত্ব সব কিছু ভালো লাগে কিন্তু প্রেম করার জন্য নয়।’

তিনি আরো বলেন, ‘তারকা হওয়ার পর অনেক মানুষ প্রেমের প্রস্তাব দিতে এসেছে। আমার বাসার নিচে অনেক ফুলের তোড়া এসেছে। অনেক মানুষ আছে যারা হুট করেই বাসায় চলে আসে। এরপর মা দারোয়ানকে বলে দিয়েছে অপরিচিত কেউ যেন বাসায় না আসে। একদিন এক ঘটনা ঘটেছে- এক ছেলে আমার বাসায় চলে আসে আমাকে প্রেমের প্রস্তাব দেয়ার জন্য। আমি তার সামনে যাওয়ার পর সে আর আমার দিকে মাথা উঁচু করে তাকাতেই পারেনি। ছেলেটি খুব লজ্জা পেয়েছিল। এটা আমার খুব মনে পড়ে।’

লাক্স তারকা বিদ্যা সিনহা মিম নিয়মিত টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করছেন। তবে তিনি এখন বড়পর্দা নিয়েই বেশি ব্যস্ত।

Sunday, February 12, 2017

ইটিভিতে ‘এক ডিশ দুই কুক’

সেলিব্রেটি ও তাদের পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে নতুন টেলিভিশন অনুষ্ঠান কোকাকোলা ‘এক ডিশ দুই কুক’। 

অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার বেসরকারি টিভি চ্যানেল ইটিভিতে সম্প্রচারিত হবে। যেখানে রান্নার পাশাপাশি উঠে আসবে সেলিব্রেটিদের পরিবার ও কাছের মানুষের গল্প।

আগামী ১৬ ফেব্রুয়ারি বিশেষ ভ্যালেন্টাইন দিবস পর্ব দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। প্রত্যেকটি পর্বে নতুন নতুন সেলিব্রেটি আসবে। তবে প্রত্যেকটা পর্বে একটি বিষয় একই থাকবে। প্রত্যেক সেলিব্রেটি উপস্থাপক এবং বন্ধুদের সহায়তায় একটি অসাধারণ খাবার রান্না করবেন। যেটি দিয়ে সংশ্লিষ্ট সেলিব্রেটির প্রিয়জনকে চমকে দেওয়া হবে।
এর মাধ্যমে সেলিব্রেটি ও তার প্রিয়জনদের  বন্ধন আরো বিশেষভাবে অনুভব করা যাবে। 

অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে থাকবেন মাসুমা রহমান নাবিলা। ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে বিশেষ পর্বের অতিথি হচ্ছেন অপূর্ব। এক ডিশ দুই কুক ১৩ পর্বে নির্মিত হচ্ছে। অনুষ্ঠানটির সহযোগী পার্টনার রিটেইল চেইন স্বপ্ন।

কোকাকোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘প্রত্যেকের জীবনেই কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা নিয়মিত এই সম্পর্কগুলো লালন বা উদযাপন করতে পারি না। কোকাকোলা বিশ্বাস করে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সম্পর্কগুলোকে আরো শক্তিশালী করে তোলে।

তিনি বলেন, আমরা সবাই জানি সুখাদ্যের স্বাদ কোকের সঙ্গে মিলে বহুগুণ বেড়ে যায়। আমরা এক ডিশ দুই কুক এর সঙ্গে জড়িত হতে পেরে অত্যন্ত গর্বিত এবং আশা করি পরিবারের সকলে এক সাথে এই অনুষ্ঠানের পর্বগুলো উপভোগ করতে পারবে।
Copyright © 2015 মিডিয়া স্টারস
| Distributed By Gooyaabi Templates