সীমান্তর সঙ্গে জিতের রসিকতা
বস খ্যাত ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। ২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ-শুভশ্রী অভিনীত সিনেমা ‘বস’। স্থানীয় বক্স অফিসে ভালো ব্যবসা করে সিনেমাটি। টলিউডে সাফল্যের জের ধরে এবার ‘বস’ সিনেমার সিক্যুয়েলের সঙ্গে যুক্ত হচ্ছে ঢালিউড। এবার এ জুটির সঙ্গে থাকছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া।সম্প্রতি কলকাতায় ‘বস-টু’র দ্বিতীয় লটের শুটিং শুরু করেছেন নির্মাতা। এতে জিতের গ্যাং মেম্বার বাংলাদেশের কমেডি খল অভিনয়শিল্পী সীমান্ত। এ সুপারস্টারের সঙ্গে কাজ করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয় সীমান্তকে।
সিনেমার পরিচালক যখনই অ্যাকশন বলেন তখনই কাশি শুরু হয় সীমান্তর। তার বিধিবাম হয়েছে ঠান্ডা। ঠান্ডা লাগার কারণেই বারবার কাশি চলে আসে তার। বারবার এমন ঘটনায় জিতের হাসির পাত্র হয়েছেন সীমান্ত। সিনেমার শুটিংয়ের পাশাপাশি শুটিং স্পটেও সীমান্তের সঙ্গে রসিকতা করেন জিৎ। কলকাতা থেকে রাইজিংবিডিকে এমনটাই জানান সীমান্ত।
এ প্রসঙ্গে সীমান্ত রাইজিংবিডিকে বলেন, ‘গত ২৫ জানুয়ারি থেকে বস-টু সিনেমার শুটিং করছি। কলকাতায় আসার পর ঠান্ডা লেগেছে। এ কারণেই পরিচালক স্যার যখনই শট নিতে বলেন তখনই আমার কাশি চলে আসে। এ নিয়ে সবাই হাসলেও আমি কিছুটা বিব্রত। এখানে শুটিং করতে এসে ভালোই লাগছে। কলকাতার সুপাস্টারের সঙ্গে অভিনয় করছি। বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তিনিও জুনিয়র শিল্পীদের সঙ্গে কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল।’
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব।
এর আগে ঢালিউডের নুসরাত ফারিয়া ও টলিউডের জিৎকে একসঙ্গে দেখা যায় ‘বাদশা’ সিনেমায়। এ সিনেমাটিও দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছে।


0 comments:
Post a Comment